ছাঁটাই হওয়া সাত গুগল কর্মীর নতুন উদ্যোগ
কোনও সরকারি কর্মী অনৈতিক কাজে জড়িয়ে না পড়লে অবসরের শেষদিন পর্যন্ত অফিসের দরজা তার জন্য খোলা। কিন্তু বেসরকারি সংস্থায় চাকরির নিশ্চয়তা তেমন নেই। আর্থিক মন্দার কথা চিন্তা করে বিশ্বের বহু নামকরা কোম্পানিই তাদের কর্মী সংখ্যা কমিয়ে আনতে শুরু করেছে। গুগল তার মধ্যে অন্যতম। প্রযুক্তি জায়ান্টটি এখন পর্যন্ত ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে। এই ছাঁটাইয়ের মধ্যে এলো মন ভালো করা খবর।
গুগল থেকে ছাঁটাই হওয়া ১২ হাজার কর্মীর মধ্যে সাতজন যৌথ প্রচেষ্টায় নিউ ইয়র্কে একটি ডিজাইনিং স্টুডিও খুলেছেন। তাদের মধ্যে অন্ততম হেনরি কির্ক।
এক টুইটে হেনরি কির্ক জানিয়েছেন, ১৮ দিন আগেও আমার এবং বাকি ছয়দের পরিচয় ছিলো তারা গুগল কর্মী। যে ১২ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, তাদের মধ্যে আমরা সাতজনও রয়েছি। গত আট বছর ধরে গুগলের সঙ্গে যুক্ত ছিলাম। আট বছরের পরিশ্রম জলে গেলো। জলে গেল আমাদের দক্ষতা।
কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি, কঠিন পরিশ্রম করলে তার ফলও ইতিবাচক হয়। চাকরি হারিয়ে মানসিক দিক থেকে যে ধাক্কা খেয়েছিলাম, সেই ধাক্কা আমায় নতুন কিছু করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলো। আমি আমার আগের সংস্থার ছয়জনকে নিয়ে নিউ ইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে ডিজাইনিং স্টুডিও খুলেছি। নতুন স্টুডিওতে আসার জন্য রইল সকলের আমন্ত্রণ। আশা, আপনারা স্টুডিও দেখে আপনাদের নিজস্ব মতামত দেবেন- জানান তিনি।
ডিবিটেক/বিএমটি







